চিপ ডিজাইন ইউনিট বন্ধ করছে অপো
চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো তাদের চিপ ডিজাইন ইউনিট বন্ধ করে দিচ্ছে। বৈশ্বিক অর্থনীতি ও স্মার্টফোন শিল্পে অনিশ্চয়তাকে কারণ হিসেবে জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।
গত বছর স্মার্টফোনের সরবরাহ কমেছে ১৪ শতাংশ এবং এক দশকের মধ্যে প্রথমবারের মতো মোট ইউনিট চালান ৩০ কোটির নিচে নেমে গেছে। গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস গত মাসে জানিয়েছে, প্রথম প্রান্তিকে মোট স্মার্টফোন চালান ১১ শতাংশ কমে ৬ কোটি ৭২ লাখ ইউনিটে দাঁড়িয়েছে, যা ২০১৩ সালের পর সর্বনিম্ন।
অপোর একজন প্রতিনিধি জানিয়েছে, "বৈশ্বিক অর্থনীতি এবং স্মার্টফোন শিল্পের অনিশ্চয়তার বাস্তবতায় আমাদের দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে কঠিন আপস করতে হবে,"।
সর্বাধিক বিক্রিত চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলোর অন্যতম অপো। ২০১৯ সালে প্রতিষ্ঠিত জেকু ইউনিটের কার্যক্রম বন্ধ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এখানকার উৎপাদন তালিকায় রয়েছে ম্যারিসিলিকন এক্স চিপ। এর নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) স্মার্টফোনে ধারণ করা ভিডিও এবং ছবির মান বাড়ায়।
ডিবিটেক/বিএমটি







